আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় তথ্য জমা নেওয়া শুরু হয়।
কার্যক্রমের প্রথম দিনে পটিয়া উপজেলা বিএনপির (পশ্চিম পটিয়া শাখা) অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের তথ্য ও জীবনবৃত্তান্ত জমা দেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। শান্তিরহাট কামাল সেন্টারসংলগ্ন খাজা টাওয়ারের তৃতীয় তলায় স্থাপিত পটিয়া উপজেলা যাচাই-বাছাই কমিটির কাছে এসব ফরম জমা নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, পটিয়ার ১৭ ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের ৬, ৭ ও ৮ অক্টোবর—মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার—সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় তথ্য ও জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
জীবনবৃত্তান্তে প্রার্থীদের দলীয় পরিচয়, বর্তমান ও সাবেক পদ-পদবি, সামাজিক অবস্থান, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সংশ্লিষ্ট কর্মকাণ্ডের স্থিরচিত্র এবং মামলা-মোকদ্দমার বিবরণ থাকলে তা উল্লেখ করতে বলা হয়েছে।
যাচাই-বাছাই কমিটির সংশ্লিষ্টরা জানান, প্রার্থীদের শুধু দলীয় পরিচয় নয়, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা ও সামাজিক অবস্থানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে। স্থানীয় পর্যায় থেকে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর সম্ভাব্য প্রার্থীদের একটি গ্রহণযোগ্য তালিকা তৈরি করা হবে। পরবর্তী সময়ে সাংগঠনিক অবস্থান ও জনসম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে প্রার্থীদের বিষয়ে সুপারিশ পাঠানো হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার বলেন, যোগ্য, ত্যাগী, জনপ্রিয় এবং স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে আনাই এ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার মানুষের পাশে থাকা ব্যক্তিদের রাজনৈতিক ও সামাজিক ভূমিকা যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
তিনি পটিয়ার ১৭ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দিয়ে যাচাই-বাছাই প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী ও শাহাদাত হোসেন সুমন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।