চট্টগ্রামের পটিয়ায় চালককে চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করার পর প্রায় ১৬ লাখ টাকার চিনিভর্তি একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অচেতন চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ভোরের দিকে উপজেলার মনসা বাদামতল এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার কাভার্ডভ্যান চালকের নাম আলমগীর (৪৫)। তিনি চাঁদপুরের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
গাড়িটির মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা কোম্পানির চিনি নিয়ে কাভার্ডভ্যানটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছিল। প্রথমে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠানে ১৩ টন চিনি খালাস করা হয় এবং পরবর্তীতে পটিয়ায় আরও ১৫ টন চিনি পৌঁছে দেওয়ার কথা ছিল। মঙ্গলবার রাতে গাড়িটি মইজ্যারটেক এলাকায় যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছিল বলে চালক মালিককে জানিয়েছিলেন। পরে বুধবার সকালে মহাসড়কের পটিয়ার মনসা বাদামতল এলাকা থেকে চালক আলমগীরকে মুখ দিয়ে ফেনা ওঠা অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করেন অপর এক চালক এবং তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন ওই চালকের শরীরে চেতনানাশক কোনো পদার্থের বিষক্রিয়া রয়েছে বলে প্রতীয়মান হয়। তাঁর জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগতে পারে। কাভার্ডভ্যানে থাকা প্রায় ১৩ টন চিনির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা বলে জানিয়েছেন এর মালিক জাকির হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া কাভার্ডভ্যান ও অপরাধীদের খুঁজে বের করতে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।