চট্টগ্রামের পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। তবে লুণ্ঠিত মালামাল অর্থাৎ কাভার্ডভ্যানে থাকা কোনো চিনি সেখানে পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং সংলগ্ন চট্টগ্রাম-আনোয়ারা সড়কের নবনির্মিত কর্ণফুলী উপজেলা ভবনের সামনে থেকে খালি কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের এক ব্যবসায়ীর ২৮ টন চিনি নিয়ে আসার পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মেঘনা সুগার মিল থেকে চিনি নিয়ে আসার পর নাসিরাবাদ এলাকায় ১৩ টন খালাস করে বাকি ১৫ টন চিনি নিয়ে পটিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কাভার্ডভ্যানটি (যশোর-ট-১১-৪৬৫৭)। পরবর্তীতে বুধবার সকালে চালক আলমগীরকে পটিয়ার বাদামতল এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চালকের দাবি, তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে অচেতন করা হয়েছিল।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম পটিয়া থানায় গণমাধ্যমকে জানান, কাভার্ডভ্যান চালক এবং চিনির মালিকের দেওয়া তথ্যে কিছু গরমিল পাওয়া গেছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। এরই মধ্যে খালি গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং লুট হওয়া চিনি উদ্ধারে পুলিশের একটি দল কক্সবাজারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।