চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কায় জিশান (২০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকার ভেল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক জিশান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মনির হোসেনের ছেলে।
পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা পুরবী পরিবহনের একটি দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক জিশান ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অটোরিকশায় থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বারেক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।