‘ভুজপুরে ১৫ লাখ টাকার চোরাই রাবারসহ হাসনাবাদে আটক ৩ : পুলিশ সদস্যসহ সিন্ডিকেট’ শিরোনামে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পুলিশ সদস্য মো. জাহেদুল আলম।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এক প্রতিবাদলিপিতে পুলিশ সদস্য জাহেদুল আলম বলেন, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে তাকে চোরাই রাবার পাচারচক্রের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, রামগড় থানায় কর্মরত থাকাকালে মাদকসহ আটক হওয়ার বিষয়ে প্রকাশিত তথ্যও সঠিক নয়। তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ব্যক্তিগত সম্মানহানি করার উদ্দেশ্যে একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জাহেদুল আলমের দাবি, তার গ্রামের বাড়ির এলাকায় পারিবারিকভাবে নিজস্ব অর্থায়নে একটি রাবার বাগান রয়েছে। তাই সরকারি রাবার চুরি বা পাচারকারী কোনো সিন্ডিকেটের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন।
তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলোর প্রতিবাদ জানিয়ে তিনি এসব সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।