রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিত্যক্ত একটি ভ্যানিটি ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানা নির্মাণের জন্য নির্ধারিত জায়গার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি এসআরবি-২-কে জানান। খবর পেয়ে বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পরীক্ষা করেন। এ সময় এর ভেতরে নীল পলিথিনে মোড়ানো ১০টি ককটেল পাওয়া যায়।
পরে ককটেলগুলো উদ্ধার করে রায়ের বাজার বধ্যভূমি এলাকায় নিয়ে নিষ্ক্রিয় করা হয় বলে জানিয়েছে এসআরবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, ককটেলগুলো কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা ককটেলগুলো সোমবার বিকেলে নিষ্ক্রিয় করা হয়েছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে ১৫টি ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে এসআরবি-২। একই দিন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকেও ককটেলসদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করা হয়।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।