চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সীমান্তবর্তী এলাকা থেকে পাচার হয়ে আসা ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাই সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।
আজ বুধবার (৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) একটি চৌকস দল রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের ইকোপার্ক এলাকায় এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন—রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের বাসিন্দা তৌহিদুল ইসলাম (২১) এবং শিলক গ্রামের বাসিন্দা সাহেদুর ইসলাম নয়ন (২২)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক সংলগ্ন এলাকায় একটি সন্দেহভাজন ডাম্পার ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকটি থেকে ১৭ হাজার ৯০ প্যাকেট ‘প্যাট্রন’ এবং ১ হাজার ৮০০ প্যাকেট ‘ওরিস’ ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এ সময় পাচারকার্যে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দসহ দুই পাচারকারীকে হাতেনাতে আটক করে বিজিবি।
বিজিবি কর্মকর্তা আরও জানান, পাহাড়ি সীমান্তবর্তী অঞ্চল থেকে কাপ্তাই লেক পথ ব্যবহার করে চট্টগ্রাম শহরে পাচারের উদ্দেশ্যে এসব সিগারেট নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত আলামত ও আটক আসামিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।