মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

রাশমিকাকে প্রস্তাব দিতে ইতালিতে গিয়েও কেন পরিকল্পনা বদলান বিজয়?

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গল্প নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের। এবার রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থেকে শুরু করে সেই বিশেষ মুহূর্তের অভিজ্ঞতা জানিয়েছেন বিজয়। প্রথমে ইতালিতে প্রিয় মানুষটিকে প্রস্তাব দেওয়ার ইচ্ছা

রাশমিকাকে প্রস্তাব দিতে ইতালিতে গিয়েও কেন পরিকল্পনা বদলান বিজয়?
ছবি: সংগৃহীত

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গল্প নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের। এবার রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থেকে শুরু করে সেই বিশেষ মুহূর্তের অভিজ্ঞতা জানিয়েছেন বিজয়। প্রথমে ইতালিতে প্রিয় মানুষটিকে প্রস্তাব দেওয়ার ইচ্ছা থাকলেও পছন্দের আংটি না পাওয়ায় শেষ পর্যন্ত পরিকল্পনা বদলাতে হয় তাকে।

‘কফি উইথ করণ’-এর নবম সিজনের আগামী পর্বে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলবেন অভিনেতা। বিজয়ের ভাষ্য অনুযায়ী, তিনি সাধারণত রোমান্টিক মুহূর্ত তৈরির জন্য বিশেষ আয়োজন করেন না। তবে রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার একটি স্মরণীয় গল্প থাকুক, সেটি চেয়েছিলেন তিনি। এ কারণেই ইতালি সফরের সময় তাকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিজয় বলেন, ‘আমি চাইনি, রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়াকে ঘিরে কোনো গল্পই না থাকুক।’

গত ডিসেম্বরে ইতালি সফরের স্মৃতি তুলে ধরে অভিনেতা জানান, রোমান্টিক আয়োজন করা তার স্বভাবের সঙ্গে খুব একটা যায় না। কিন্তু নিজের এই স্বভাবের কারণে রাশমিকার জীবনে বিয়ের প্রস্তাব পাওয়ার কোনো স্মৃতি থাকবে না, তা তিনি চাননি। তাই ইতালিতে প্রস্তাব দেওয়ার কথা ভাবলেও পছন্দমতো আংটি খুঁজে না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তবে ইতালিতে পরিকল্পনা সফল না হলেও রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়া থেকে পিছিয়ে যাননি বিজয়। রাজস্থানের উদয়পুরে বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনেই তিনি সেই বিশেষ মুহূর্তটি তৈরি করেন। সেদিন ছিল সংগীতের অনুষ্ঠান।

বিজয়ের কথায়, ‘উদয়পুরে আমাদের বিয়ের প্রথম দিনেই আমি ওকে প্রস্তাব দিয়েছিলাম। সে দিন ছিল সঙ্গীতের অনুষ্ঠান।’

সংগীতের অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুদেরও এই বিশেষ মুহূর্তের সাক্ষী করতে চেয়েছিলেন বিজয়। তাই সবাইকে এক জায়গায় জড়ো হতে বলেন তিনি। এরপর সবার সামনে হাঁটু গেড়ে বসে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন। স্মৃতিচারণা করে অভিনেতা বলেন, ‘আমি হাঁটু মুড়ে বসে ওকে বিয়ের প্রস্তাব দিই। আমি চাইনি, জীবনের সেই বিশেষ মুহূর্তটা ওর কাছ থেকে কেড়ে নিতে।’

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এর আগে ২২ ফেব্রুয়ারি আলাদা আলাদা ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিয়ের খবর জানিয়েছিলেন তারা।

২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর থেকেই এই দুই তারকার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমাতেও জুটি বেঁধেছিলেন তারা। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে একসঙ্গে দেখা গেছে তাদের। দীর্ঘদিনের সম্পর্ক বিয়েতে গড়ানোয় বিজয় ও রাশমিকার প্রেমের গল্প নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০