সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার (২৩ অক্টোবর) দেশে পৌঁছাবে। তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ প্রায় ৯ লাখ টাকা জমা হয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হিসাবে। এই অর্থ দ্রুত তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত হন শাহেদ আহম্মেদ। আগামী ২২ অক্টোবর রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের BS 362 ফ্লাইটে তাঁর মরদেহ নিয়ে বিমানটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।
ফ্লাইটটি ২৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। মন্ত্রণালয় জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে দ্রুত এই অর্থ নিহতের পরিবারের কাছে বিতরণ করা হবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।