অভিনেতা রজনীকান্তের সাথে শুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বিদ্যা বালান। একটি দৃশ্যে রজনীকান্তের মুখের দিকে সিগারেটের ধোঁয়া ছাড়তে হতো তাঁকে। দৃশ্যটি ঠিকঠাক করতে প্রায় তিনবার শট দিতে হয়েছিল। পরিচালকের ভাষ্য অনুযায়ী, শেষবার শট দেওয়ার সময়ও বিদ্যার চোখেমুখে অস্বস্তি ছিল।
শুটিং সেটে বিদ্যাকে দেখে অনেকেই ভেবেছিলেন, রজনীকান্তের সামনে দাঁড়িয়ে নার্ভাস হয়ে পড়েছেন তিনি। তবে পরে অভিনেত্রী জানান, এর পেছনে ছিল অন্য কারণ। তাঁর ভাষায়, কড়া সিগারেটের কারণে একপর্যায়ে ‘নিকোটিন হাই’ অনুভব করছিলেন তিনি।
বিদ্যা বলেন, তিনি ভেবেছিলেন ধূমপান করতে জানেন, তাই সেটে গিয়ে সহজেই দৃশ্যটি করতে পারবেন। কিন্তু প্রথমবার শট দেওয়ার পরই তাঁর হাত-পা কাঁপতে শুরু করে। এতে তিনি বিব্রত হয়ে পড়েন। তাঁর ধারণা ছিল, সবাই হয়তো মনে করছেন রজনীকান্তের সামনে দাঁড়ানোর কারণেই তিনি ঘাবড়ে গেছেন। অথচ শুরুতে বেশ উৎসাহ নিয়েই শুটিং সেটে গিয়েছিলেন তিনি।
রজনীকান্তের সাথে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন বিদ্যা। অভিনেতার প্রশংসা করে তিনি বলেন, রজনীকান্ত খুব ভালো মনের মানুষ। শুটিংয়ের সময় প্রতিদিন তাঁর খোঁজখবর নিতেন।
পর্দায় ধূমপানের দৃশ্য দেখানোর বিষয়টি নিয়েও নিজের মতামত জানিয়েছেন বিদ্যা। তাঁর মতে, এখন আর সিনেমায় ধূমপান দেখানো আগের মতো বিদ্রোহের প্রতীক নয়। কোনো কোনো ক্ষেত্রে এমন দৃশ্যের প্রয়োজনীয়তা থাকলেও, অনেক সময় তা অপ্রয়োজনীয় বলেও মনে হয়েছে তাঁর।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।