সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, উসকানিমূলক প্রচারণা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনায় অবৈধ অর্থায়নের অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)। রবিবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় পল্লবী থানা এলাকা থেকে কাজী গুলশান আরা এবং বনানী থানাধীন ডিওএইচএস এলাকা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালানো এবং উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ ছাড়া ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল ডটকম’ নামের একটি পেজের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।