সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তিনি বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের যে বন্ধন রয়েছে, তা অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সাভার পৌরসভার পঞ্চবটি আশ্রম সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ফরিদা খানম বলেন, ঢাকা জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকেরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।
উৎসবের পরিবেশ নষ্ট করার যেকোনো চেষ্টা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, কেউ নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য সহ্য করা হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ফরিদা খানম। তিনি বলেন, কোথাও সন্দেহজনক পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় আয়োজন নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, মানবিকতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করারও উপলক্ষ। পূজারি, দর্শনার্থী, আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকসহ সবার সম্মিলিত সহযোগিতায় উৎসবের আনন্দ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার ঢাকা মহানগরসহ জেলায় মোট ১ হাজার ১২৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। এর মধ্যে সাভারে ২৩৮টি, ধামরাইয়ে ২৩৫টি, নবাবগঞ্জে ২০১টি, কেরানীগঞ্জে ১৫৩টি, দোহারে ৪২টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি পূজামণ্ডপ রয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে ফরিদা খানম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।