দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলা, হুমকি, হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। গত ৪ অক্টোবরের ওই ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
সম্পাদক পরিষদ বলেছে, সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করছিলেন। কোনো সংবাদ, মতামত কিংবা সাংবাদিকের পেশাগত কর্মকাণ্ড নিয়ে কারও মতভিন্নতা থাকতেই পারে। তবে সে কারণে হামলা, হুমকি বা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই।
সংগঠনটির মতে, একজন সাংবাদিকের ওপর হামলা কেবল তার ওপর ব্যক্তিগত আক্রমণ নয়; এর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারও ক্ষতিগ্রস্ত হয়।
বিবৃতিতে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষর করেছেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্তের উদ্যোগকে স্বাগত জানানো হলেও তদন্ত প্রক্রিয়া নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণভিত্তিক করার ওপর জোর দেওয়া হয়েছে।
হামলায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সাথে সাম্প্রতিক সব হামলা, হুমকি ও হয়রানির দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি আরও বলেছে, রাজনৈতিক কর্মসূচি, বিশ্ববিদ্যালয়, আদালত, প্রশাসনিক কার্যালয় এবং অন্যান্য জনসমাগমস্থলে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসহ সব পক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি স্পষ্ট অঙ্গীকার জানানোর আহ্বানও জানিয়েছে সম্পাদক পরিষদ। হামলায় জড়িতদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
সম্পাদক পরিষদের ভাষ্য, সাংবাদিকদের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়; বরং একটি মুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজের অপরিহার্য শর্ত। ভয়, হুমকি ও সহিংসতার পরিবেশ তৈরি হলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনায় দ্রুত, দৃশ্যমান ও আইনসম্মত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।