মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

'সবুজ চট্টগ্রাম গড়তে রোপণ করা হচ্ছে ১০ লাখ গাছ'

চট্টগ্রাম নগরকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরের সড়কদ্বীপ, পার্ক ও উন্মুক্ত স্থানে পরিকল্পিতভাবে গাছ লাগানো হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

'সবুজ চট্টগ্রাম গড়তে রোপণ করা হচ্ছে ১০ লাখ গাছ'

চট্টগ্রাম নগরকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরের সড়কদ্বীপ, পার্ক ও উন্মুক্ত স্থানে পরিকল্পিতভাবে গাছ লাগানো হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরের চকবাজার প্যারেড কর্নার টাক শাহ মাজার গেট থেকে চন্দনপুরা এক্সেস রোড মোড় পর্যন্ত সড়কদ্বীপে গাছের চারা রোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। দেশের নাগরিকেরা বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে এলে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখে চসিক বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় নগরে ১০ লাখ গাছ রোপণ করছে। কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের মিড-আইল্যান্ডগুলো ফুল ও সবুজে সাজানো হচ্ছে। পাশাপাশি নগরের খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ করা হচ্ছে।

মেয়র জানান, দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কদ্বীপে জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ ও শিউলিসহ প্রায় ১০ প্রজাতির দেশীয় গাছ লাগানো হয়েছে। বিমানবন্দর এলাকাতেও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। এসব গাছে নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার ও পরিচর্যার ব্যবস্থা রাখা হয়েছে।

সড়কদ্বীপের গাছপালা ও সৌন্দর্যবর্ধনের স্থাপনা রক্ষায় নগরবাসীর সহযোগিতা চেয়ে মেয়র বলেন, কিছু মানুষ গাছের ফুল ছিঁড়ে ফেলছেন, ময়লা-আবর্জনা ফেলছেন। বিভিন্ন স্থানে স্থাপিত রেলিং চুরির ঘটনাও ঘটছে। এসব কর্মকাণ্ড নগরের সৌন্দর্য নষ্ট করছে।

নগরের সৌন্দর্য রক্ষা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। গাছপালা, ফুল ও রেলিংয়ের সুরক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান মেয়র।

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, করোনা মহামারির সময় মানুষ অক্সিজেনের গুরুত্ব নতুন করে উপলব্ধি করেছে। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।

এ সময় চসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০