চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি বন্ধ কারখানা থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স কারখানার ভেতরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন হোসেন বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকার লোকমান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাইমুন ওই বন্ধ কারখানার ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় লাইনে বিদ্যুৎ থাকায় তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কারখানার ভেতর থেকে সাইমুনের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।