চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দামের কার্যালয়ের সামনে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
নিহত ও আহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, রাতে সাদ্দামের কার্যালয়ের সামনে অবস্থানকালে স্থানীয় একদল দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে বাপ্পি ও শাওন দুজনেই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাফসির আলম শাওন চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।