মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সীতাকুণ্ডে হাত বাঁধা গৃহবধূর লাশের পরিচয় শনাক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন ফসলি জমির আইল থেকে উদ্ধারের পর হাত বাঁধা গৃহবধূর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নারীর নাম চন্দনা রানী শীল (২২)। পরিবারের অভিযোগ, যৌতুকের পাওনা টাকার দাবিতে স্বামী শিমুল শীল ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে তাঁকে শ

সীতাকুণ্ডে হাত বাঁধা গৃহবধূর লাশের পরিচয় শনাক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন ফসলি জমির আইল থেকে উদ্ধারের পর হাত বাঁধা গৃহবধূর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নারীর নাম চন্দনা রানী শীল (২২)। পরিবারের অভিযোগ, যৌতুকের পাওনা টাকার দাবিতে স্বামী শিমুল শীল ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের একটি জমি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড থানা-পুলিশ।

নিহত চন্দনা রানী শীল কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকার মানিক ডাক্তারবাড়ির শিমুল শীলের স্ত্রী। উদ্ধারের সময় চন্দনার দুটি হাত সামনের দিকে কাপড়ে শক্ত করে বাঁধা ছিল এবং গলায় পেঁচানো ছিল নিজের ওড়না।

পুলিশ সূত্র জানায়, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর সীতাকুণ্ড থানায় গিয়ে নিহতের বাবা তেজেন্দ্র দাস লাশ নিজের মেয়ের বলে শনাক্ত করেন।

নিহতের বাবা ও মা আলো রানী দাসের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিরে শিমুল চন্দনার ওপর নির্দয় শারীরিক নির্যাতন চালাতেন। স্বামীর টাকার চাপ সহ্য করতে না পেরে চন্দনা একটি কারখানায় শ্রমিকের কাজ নেন। গত বুধবারও বাবার বাড়ি গিয়ে যৌতুকের টাকার জন্য কান্নাকাটি করেছিলেন চন্দনা। টাকা জোগাড় করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে স্বামীর সাথে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায় এবং পরদিন উদ্ধার হয় নিহতের হাত বাঁধা লাশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী শিমুল আত্মগোপনে রয়েছেন এবং তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় যৌতুকের জন্য হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করেছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০