সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭ অক্টোবর) রাতে নগরের হালিশহর আই-ব্লক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগের তথ্য স্বীকার করেছেন তিনি।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেল ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামক একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের অন্তত ১০-১২টি সমমনা বিভ্রান্তিকর গ্রুপের অ্যাডমিন হিসেবে রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
হালিশহর থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, দীর্ঘদিন ধরে নগরীতে অপপ্রচার ও সরকারবিরোধী নাশকতামূলক সভা-মিছিলের নেতৃত্ব দিয়ে আসছিলেন রুবেল। তাঁর সাথে অন্যান্য সহযোগীদের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে এবং তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।