মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন। একই সাথে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানিয়েছে মিশন। একই সঙ্গে এসব ছবি, ভিডিও বা তথ্য মোবাইলে সংরক্ষণ এবং অন্যদের সঙ্গে আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো প্রয়োজনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা দূতাবাসের শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬ এবং কূটনৈতিক উইংয়ের নম্বর ৮০০১০০০১২৪-এ যোগাযোগ করতে পারবেন।
এ ছাড়া পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য ও পরবর্তী নির্দেশনা জানতে রিয়াদে বাংলাদেশ মিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।