মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সৌদি আরবগামী যাত্রীদের জন্য সুখবর

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে আবারও ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি, বুধবার (২১ অক্টোবর) থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাজনিত পরিস্থি

সৌদি আরবগামী যাত্রীদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে আবারও ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি, বুধবার (২১ অক্টোবর) থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদ রুটের পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দাম্মাম রুটে ২১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এ রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

এদিকে, জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরবর্তী তিন দিন, অর্থাৎ ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে, মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বাতিল ১৩৪ ফ্লাইট, ভোগান্তিতে ২০ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলের ওপর বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী। বুধবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের আটটি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সৌদি আরবগামী ফ্লাইটের পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০