মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সৌদি যাত্রায় ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে চায় ইন্দোনেশিয়া

সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একই সাথে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্

সৌদি যাত্রায় ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে চায় ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত

সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একই সাথে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা।

বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন আনিস মাত্তা। এ সময় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনিস মাত্তা বলেন, প্রচলিত বাণিজ্যিক সম্পর্কের বাইরে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইন্দোনেশিয়া।

দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জাকার্তার সরাসরি বিমান চলাচল চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান ইন্দোনেশিয়ার ভাইস মিনিস্টার। পাশাপাশি সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।

এ ছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ নিতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সরকারি সফরে বাংলাদেশে আসা আনিস মাত্তার বৃহস্পতিবারই ঢাকা ছাড়ার কথা রয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০