সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় আহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁরা হলেন সজল চন্দ্র দাস ও মোহাম্মদ আবদুর রহিম। বর্তমানে তাঁরা দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে বিমানবন্দরটিকে লক্ষ্য করে চালানো হামলায় দুই বাংলাদেশি আহত হন।
মন্ত্রণালয় জানায়, হামলার সময় গরম ও ধোঁয়ার কারণে দুই বাংলাদেশি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তবে তাঁদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তাঁরা সুস্থ আছেন এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির সাথে কথা বলেছেন। আগামী শুক্রবার তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আহত সজল চন্দ্র দাস কুমিল্লার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের অনুকূল চন্দ্র দাসের ছেলে। অপর আহত ব্যক্তি মোহাম্মদ আবদুর রহিম নোয়াখালী সদর উপজেলার দিনমনিরহাট এলাকার সিরাজুল হকের ছেলে।
বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি হাসপাতালে গিয়ে আহত দুই বাংলাদেশির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়।
উল্লেখ্য, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত দুজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।