মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়, 'ভেড়া সাইফুল' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর, মুক্তিপণ দাবি ও টাকা আদায়ের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হালিশহর থানা প

সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়, 'ভেড়া সাইফুল' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর, মুক্তিপণ দাবি ও টাকা আদায়ের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হালিশহর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এ নিয়ে মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সৈকত (২৪), আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জু বলেন, মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। গত ১৪ অক্টোবর বিকেল সোয়া পাঁচটার দিকে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে সংবাদ সংগ্রহ করতে গেলে এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১২ জন তাঁকে ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে তাঁকে পাশের একটি নির্জন সড়কে নিয়ে জিম্মি করা হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, সাংবাদিকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা নেওয়ার পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন আদায় করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে ওই অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক আবুল হোসাইন।

এজাহারে আরও বলা হয়, তাঁকে ছেড়ে দেওয়ার আগে হেয় করা ও ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে জোর করে মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। ঘটনা প্রকাশ করলে বা পুলিশের কাছে অভিযোগ দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০