বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত অনিল পণ্ডিতের নাম উঠে এসেছে। পুলিশের সন্দেহ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে সংশ্লিষ্ট অনিল বিদেশে বসেই হামলার পরিকল্পনা করেছিলেন। তদন্তকারীদের দাবি, হামলায় জড়িতদের একজনকে ৩৪ থেকে ৩৫ হাজার টাকা দেওয়ার পাশাপাশি বিদেশে চাকরি ও স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
মুম্বাই পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, হরিয়ানার পানিপথের রাই কালান গ্রামের বাসিন্দা অনিল বর্তমানে ক্যালিফোর্নিয়ায় রয়েছেন। বিদেশে অবস্থান করে ভারতে হামলা ও চাঁদাবাজির নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের সঙ্গে অনিলের যোগাযোগের সূত্র খুঁজছে পুলিশ।
এই যোগাযোগ করিয়ে দেওয়ার অভিযোগে হরিয়ানার সোনিপত থেকে সমীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা বেড়ে ছয় হয়েছে। তদন্তকারীদের দাবি, সমীরই অভিযুক্তদের সাথে অনিলের যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর হামলার জন্য লোক নির্বাচন, অস্ত্র সংগ্রহ এবং ঘটনাস্থলে পৌঁছানোর পরিকল্পনা করা হয় বলে সন্দেহ পুলিশের।
টাকা ও বিদেশে চাকরির প্রলোভন
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলায় অভিযুক্তদের একজনকে ৩৪ থেকে ৩৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি বিদেশে গিয়ে চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার প্রলোভনও দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে এসব প্রস্তাবের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।
যেভাবে টাইগার শ্রফের গাড়িতে গুলি
গত ১৮ অক্টোবর রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় পুষ্পা নারসি পার্কের কাছে ফুটবল খেলে ফিরছিলেন টাইগার শ্রফ। এ সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হামলায় অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়ির চালক ফিরদৌসের হাতে গুলি লাগে।
তদন্তকারীদের ধারণা, হামলার আগে অভিযুক্তেরা অভিনেতার চলাফেরার ওপর নজর রেখেছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১১ অক্টোবরও তাঁদের ওই ফুটবল মাঠের আশপাশে দেখা গিয়েছিল। সেদিন টাইগার মাঠে না আসায় হামলার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে পুলিশের ধারণা।
গুলি চালানোর পর অভিযুক্তেরা অন্ধেরি স্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে পুনে-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠে। পরে রাজস্থানের কোটা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সালমান খানকেও হুমকি দেওয়ার অভিযোগ
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি গুলি চালানোর দায় স্বীকার করেছেন বলে দাবি করা হয়। একই সাথে বলিউড অভিনেতা সালমান খানকে হুমকি দেওয়ার বিষয়টিও সামনে আসে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লরেন্স বিষ্ণোই ও বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য সালমান খানকে বার্তা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে পোস্ট ও অডিও ক্লিপের সত্যতা পুলিশ যাচাই করছে।
এর আগে দিল্লিতে গায়ক গুরু রনধাওয়ার জিমের বাইরে গুলি চালানো এবং হরিয়ানায় গায়ক দিলের খারকিয়ার গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায়ও অনিলের নাম উঠে এসেছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া দিল্লির ব্যবসায়ী মনীশ জৈনের কাছে পাঁচ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অনিলের সাথে স্থানীয় অভিযুক্তদের যোগাযোগ, অর্থ ও অস্ত্রের জোগান এবং হামলার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।