মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে সাধারণ ছুটির সুপারিশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন ২৯ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে সাধারণ ছুটির সুপারিশ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন ২৯ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১১ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে আগামী ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে ওই দিন নির্বাচনি এলাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

এ লক্ষ্যে ২৯ অক্টোবর বৃহস্পতিবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এর আগে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। মির্জা ফয়সল আমিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এরপর সেখানে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০