রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভুয়া হলফনামা দাখিল ও তথ্য গোপন করে রাজউকের পাঁচ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে নুরুন্নাহার নামের এক নারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১১ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপসহকারী পরিচালক আনিসুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার এজাহার অনুযায়ী, নুরুন্নাহার রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১০ নম্বর সেক্টরের ১০৮ নম্বর সড়কের ০২৮ নম্বর প্লটে পাঁচ কাঠা জমি বরাদ্দের জন্য আবেদন করেন। আবেদনের সঙ্গে দাখিল করা হলফনামা ও অঙ্গীকারনামায় তিনি দাবি করেন, রাজউকের আওতাধীন পূর্বাচলসহ অন্য কোনো আবাসিক এলাকায় তাঁর বা তাঁর স্বামীর নামে কোনো প্লট বরাদ্দ নেই।
তবে দুদকের অনুসন্ধানে উঠে আসে, নুরুন্নাহারের স্বামী শেখ আব্দুস সালেক এরই মধ্যে রাজউকের উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্দ পেয়েছেন এবং সেখানে ভবন নির্মাণ করেছেন। রাজউকের নিয়ম অনুযায়ী, স্বামী ও স্ত্রীর নামে পৃথক প্লট বরাদ্দের সুযোগ নেই। এ ধরনের ক্ষেত্রে একজনের বরাদ্দ বাতিল হওয়ার বিধান রয়েছে।
দুদকের অভিযোগ, এই তথ্য গোপন করে অসৎ উদ্দেশ্যে ভুয়া হলফনামা দাখিলের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে পূর্বাচল প্রকল্পে প্লটটি নিজের নামে বরাদ্দ নেন নুরুন্নাহার। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুদক জানিয়েছে, অনুসন্ধানে এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।