মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে গেইট আউট ও ডেলিভারি নিরাপদ করতে ই-চালানে যুক্ত হলো দুই নম্বর

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে যেকোনো অনাকাঙ্ক্ষিত জালিয়াতি সম্পূর্ণ রোধ করে পণ্য খালাস ও চূড়ান্ত গেইট আউট কার্যক্রম আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল করতে অনলাইন ই-চালানে নতুন দুটি নম্বর যুক্ত করা হয়েছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের রাজস্ব পরিশোধের ব

চট্টগ্রাম বন্দরে গেইট আউট ও ডেলিভারি নিরাপদ করতে ই-চালানে যুক্ত হলো দুই নম্বর

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে যেকোনো অনাকাঙ্ক্ষিত জালিয়াতি সম্পূর্ণ রোধ করে পণ্য খালাস ও চূড়ান্ত গেইট আউট কার্যক্রম আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল করতে অনলাইন ই-চালানে নতুন দুটি নম্বর যুক্ত করা হয়েছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের রাজস্ব পরিশোধের বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী যানবাহন চূড়ান্তভাবে গেইট আউট ও বের হওয়ার ক্ষেত্রে অনলাইন ই-চালানটি বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবহারকারী সবার জন্যই একটি স্পর্শকাতর ও চূড়ান্ত আইনি দলিল হিসেবে বিবেচিত হয়। নতুন এই ডিজিটাল সুবিধার আওতায় এখন থেকে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ (C&F) এজেন্টরা তাঁদের পণ্য ডেলিভারির বিশেষ ই-চালানে কাস্টমসের যাবতীয় শুল্ক ও কর পরিশোধের সত্যতা নিশ্চিতকরণ (Confirmation) হিসেবে বিল অব এন্ট্রির ‘আর নাম্বার’ (R Number) এবং চট্টগ্রাম বন্দরের যাবতীয় চার্জ বা মাশুল পরিশোধের কনফার্মেশন হিসেবে ‘সিপি নাম্বার’ (CP Number) দেখতে পাবেন।

ই-চালানে এই পেমেন্ট কনফার্মেশন নম্বর দুটি স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত থাকায় চট্টগ্রাম বন্দরের গেইট ও সংশ্লিষ্ট বিভাগগুলোর জন্য কাস্টমস ও বন্দর উভয়ের ফি যথাযথভাবে পরিশোধ করা হয়েছে কি না—তা নিমেষেই যাচাই করা সম্ভব হবে। ফলে ভুয়া চালান তৈরি বা জালিয়াতি করে পণ্য বের করে নিয়ে যাওয়ার সুযোগ স্থায়ীভাবে বন্ধ হবে।

বন্দর সচিব জানান, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমের (TOS) আওতাধীন এই অনলাইন ই-চালান হালনাগাদ করার মূল উদ্দেশ্য হলো সেবা কার্যক্রমকে আধুনিকায়ন, দ্রুততর ও সুরক্ষিত করা। বিষয়টি বন্দরের সংশ্লিষ্ট সব বিভাগ, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক ও সকল ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হয়েছে এবং নতুন সুবিধা ব্যবহার করে নিরাপদে পণ্য খালাস কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০