চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও পলাতক বড় সাজ্জাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং চাঁদাবাজি চক্রের মূল চালিকাশক্তি মো. সাব্বির হোসেন সানিকে (৩৪) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কারাগারে বন্দি থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পরিবর্তে বর্তমানে চট্টগ্রামে সাজ্জাদের অপরাধ সাম্রাজ্য ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন সানি সাতক্ষীরার কালীগঞ্জ থানার সাতবসু এলাকার মো. মালেকের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, সানি দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও বড় সাজ্জাদের সরাসরি নির্দেশনায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বড় সাজ্জাদ ও বোরহানের ক্যাডার বাহিনী পরিচালনা করার জন্য সানি মাসিক ৫০ হাজার টাকা বেতন পেতেন।
মূলত চট্টগ্রামে ভীতি সৃষ্টি করে বড় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় এবং তা প্রতিরোধকারীদের ওপর সশস্ত্র হামলা চালানোই ছিল তার প্রধান কাজ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সানির নির্দেশে তার স্থানীয় সহযোগীরা টার্গেটকৃত ব্যক্তির বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতো। সম্প্রতি চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডও গোয়েন্দা পুলিশের হাতে এসেছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গ্রেপ্তার সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রাপ্ত অডিও রেকর্ড ও অন্যান্য তথ্য-উপাত্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।