মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

থানা থেকে দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুকে ভিডিও দেখে

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিবিরহাট কাঁচাবাজারের এক নম্বর গলিতে এক পথচারীর গলায় ঝোলানো ব্যাগ ছিনিয়ে নেয় দুই যুবক। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানতে পারে পুলিশ। ছিনতাইয়ের শিকার...

থানা থেকে দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুকে ভিডিও দেখে

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিবিরহাট কাঁচাবাজারের এক নম্বর গলিতে এক পথচারীর গলায় ঝোলানো ব্যাগ ছিনিয়ে নেয় দুই যুবক। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানতে পারে পুলিশ।

ছিনতাইয়ের শিকার ব্যক্তি কাজী রফিকুল ইসলাম মনির (৬০)। তিনি নগরীর আতুরার ডিপো এলাকায় খাজা ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানের মালিক। ছিনতাইকারীরা তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে প্রায় চার হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতের নির্জন গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন মনির। তার গলায় একটি ছোট ব্যাগ ঝোলানো ছিল। দুই হাতেও ছিল দুটি থলে। এ সময় তার পেছনে টি-শার্ট পরা এক তরুণকে হাঁটতে দেখা যায়। বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আসছিল। সেটির সামনে দিয়ে হেঁটে আসছিলেন দুই যুবক।

মনিরের কাছে পৌঁছেই হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়েন ওই দুই যুবক। এ সময় পেছনে থাকা তরুণটি দৌড়ে সরে যান। দুই যুবক মনিরের কাঁধ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে অটোরিকশায় উঠে পালিয়ে যান।

হঠাৎ এমন ঘটনায় প্রথমে কিছুটা এগিয়ে গেলেও পরে ছিনতাইকারীদের পিছু নেন মনির। এ সময় তাকে ‘ধর ধর’ বলে চিৎকার করতে দেখা যায়। আশপাশে থাকা আরও কয়েকজনের মধ্যে একজনকেও তার সঙ্গে ছুটতে দেখা যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে থানা পুলিশের টহল দল বিভিন্ন অলিগলিতে দায়িত্ব পালন করে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটলেও কেউ থানায় অভিযোগ করেননি। শনিবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বিষয়টি জানতে পারেন তারা।

তিনি আরও বলেন, পরে পুলিশ পাঠিয়ে ছিনতাইয়ের শিকার ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে মামলা করতে বলা হয়েছে। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০