মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

রাউজানে স্কুলছাত্রের কলমের আঘাতে রক্তাক্ত শিক্ষক

চট্টগ্রামের রাউজান সরকারি আরআরএসি মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে এক শিক্ষকের ওপর কলম দিয়ে হামলার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে কারিগরি শাখার টেকনিক্যাল শিক্ষক সুচরিৎ চৌধুরী আহত হয়ে রক্তাক্ত হয়েছেন।

রাউজানে স্কুলছাত্রের কলমের আঘাতে রক্তাক্ত শিক্ষক

চট্টগ্রামের রাউজান সরকারি আরআরএসি মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে এক শিক্ষকের ওপর কলম দিয়ে হামলার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে কারিগরি শাখার টেকনিক্যাল শিক্ষক সুচরিৎ চৌধুরী আহত হয়ে রক্তাক্ত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল ইলেকট্রিক বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাউজানের ডাবুয়া ইউনিয়নের আরব নগর এলাকায়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ইউসুফ বেশ কিছুদিন ধরে নিয়মিত ক্লাসে উপস্থিত ছিল না। অনেক সময় দেরিতে বিদ্যালয়ে আসত এবং পরীক্ষার সময়ও নির্ধারিত সময়ে উপস্থিত হতো না। এ নিয়ে শিক্ষক সুচরিৎ চৌধুরী তাকে বিভিন্ন সময় শাসন করেন। সম্প্রতি চুল কাটা নিয়েও শিক্ষক তাকে কিছু কথা বলেন। এর জের ধরে ক্ষুব্ধ হয়ে পরীক্ষার সময় ওই শিক্ষকের ওপর কলম দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ইউসুফের বিরুদ্ধে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ বলেন, নবম শ্রেণির ভোকেশনাল ইলেকট্রিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ কারিগরি শাখার টেকনিক্যাল শিক্ষক সুচরিৎ চৌধুরীকে কলম দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তিনি বলেন, ঘটনার তদন্তে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও করণীয় নির্ধারণ করা হবে। শিক্ষকতা জীবনে এমন ঘটনা আগে দেখেননি বলেও জানান তিনি।

প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, ঘটনার পর ওই শিক্ষার্থী অন্যদের হুমকি দিচ্ছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকতে পারে। তার মাদক সেবনেরও অভিযোগ রয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। তদন্তের মাধ্যমে বিষয়গুলো যাচাই করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও। তারা বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন। সেই শিক্ষকের শরীরে শিক্ষার্থীর আঘাতে রক্ত ঝরা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সাথে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।


নিউজনাউ/এসএইচআর/পিপিএন/২০২৬

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০