মূল লেখায় যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ · ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

সারাদেশে কনসার্টসহ আরও যত পরিকল্পনা

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ ফিডব্যাক তাদের পাঁচ দশকের পথচলা উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে ‘ফিডব্যাক: ৫০ নট আউট’ শিরোনামে আয়োজন করা হবে বিশেষ কনসার্টসহ নানা অনুষ্ঠান।

সারাদেশে কনসার্টসহ আরও যত পরিকল্পনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ ফিডব্যাক তাদের পাঁচ দশকের পথচলা উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে ‘ফিডব্যাক: ৫০ নট আউট’ শিরোনামে আয়োজন করা হবে বিশেষ কনসার্টসহ নানা অনুষ্ঠান।

শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ব্যান্ডটি।

কিবোর্ডে সুরের জাদুতে শ্রোতাদের কয়েক দশক ধরে মুগ্ধ করে রেখেছেন ফিডব্যাকের জ্যেষ্ঠ সদস্য ফোয়াদ নাসের বাবু।

তিনি বলেন, ‘পাঁচ দশক ধরে শ্রোতাদের হৃদয়ে টিকে থাকা একটি ব্যান্ডের জন্য সত্যিই আনন্দের বিষয়। এই পথচলা কেবল আমাদের একার নয়; এই যাত্রায় জড়িত ছিলেন অসংখ্য সদস্য, গীতিকার, সুরকার এবং সর্বোপরি আমাদের কোটি অনুরাগী ও শ্রোতা।’

১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করা ফিডব্যাক পা রেখেছে ৫০তম বছরে। এ উপলক্ষে বছরজুড়ে চলবে নানা আয়োজন। থাকবে জনপ্রিয় গানগুলোর নতুন পরিবেশনা, নতুন গান প্রকাশ এবং দেশের বিভিন্ন স্থানে কনসার্ট।

বছরব্যাপী আয়োজনের পরিকল্পনা তুলে ধরে বাবু বলেন, ‘আমরা চট্টগ্রাম দিয়ে শুরু করব। কারণ, আমাদের মনে হয় সেখানে আমাদের ভক্তের সংখ্যা বেশি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, আমাদের সাবেক সদস্যদের এবং এই দীর্ঘ যাত্রায় যারা যুক্ত ছিলেন, তাদের সবাইকে এক করতে। আয়োজনটিকে স্মরণীয় করে রাখতে চাই আমরা।’

ব্যান্ডটির গিটারিস্ট লাবু রহমান বলেন, ‘ফিডব্যাক থেমে যায়নি। আমরা আরও অনেক দিন এগিয়ে যেতে চাই। এই পেশায় অবসর বলে কিছু নেই।’

দেশের ব্যান্ড সংগীতের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে মাইলসের প্রধান কণ্ঠশিল্পী হামিন আহমেদ বলেন, ‘দুটি ব্যান্ডেরই যাত্রা শুরু হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। একই অ্যামপ্লিফায়ার ভাগাভাগি করে ব্যবহারের মধ্যেও একধরনের ভ্রাতৃত্ববোধ ছিল। মাইলস যখন বাংলা গান প্রকাশের কথা ভাবছিল, তখন প্রথম যে ব্যান্ডটির কথা আমাদের মনে এসেছিল, সেটি ফিডব্যাক।’

অনুষ্ঠানে ফিডব্যাকের প্রথম গিটারিস্ট সেলিম হায়দারের অবদানও স্মরণ করা হয়।

রেনেসাঁর পিলু খান ব্যান্ডটির সংগীতশিল্পীদের দক্ষতা ও ব্যক্তিত্বের প্রশংসা করে বলেন, ‘সত্তরের দশকে মনে হতো, সেরা সব সংগীতশিল্পী যেন একটি ব্যান্ডেই ছিলেন, আর সেটি ফিডব্যাক। তারা শুধু ভালো সংগীতশিল্পীই নন, মানুষ হিসেবেও অসাধারণ।’

অবসকিউরের সৈয়দ হাসান টিপু বলেন, ‘আমরা যখন প্রথম এখানে এসেছিলাম, তখন কিছুই জানতাম না। তাদের কাছ থেকেই আমরা প্রাথমিক বিষয়গুলো শিখেছি। ফিডব্যাক ছিল অবসকিউরের অভিভাবকের মতো।’

আশির দশকের মাঝামাঝি সময় থেকে লোকসংগীত, পপ ও আধুনিক রকের মিশেলে নিজস্ব একটি সংগীতধারা গড়ে তুলেছে ফিডব্যাক। বছরের পর বছর মাকসুদুল হক, পিয়ারু খান ও লাবু রহমানের মতো সংগীতশিল্পীরা ব্যান্ডটির সংগীতযাত্রায় অবদান রেখেছেন।

ফিডব্যাকের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘মেলায় যাইরে’, ‘এই দিন চিরদিন রবে’, ‘এক ঝাঁক প্রজাপতি’, ‘ঝাউ বনে’, ‘উদাসী’, ‘মৌসুমি’, ‘চিঠি’, ‘সুখী মানুষের ভিড়ে’ ও ‘গীতিকবিতা’।

বাংলা নববর্ষ উদ্‌যাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ‘মেলায় যাইরে’। 

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০