মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

জামালপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, মারধরের শিকার নবনিযুক্ত এএসপি

জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উদ্দেশ করে কটূক্তি করার প্রতিবাদ জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন হাদিদ হাসান হিমেল নামে নবনিযুক্ত এক সহকারী পুলিশ সুপার (এএসপি)। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্টেশনে ট্রেন থেকে নামার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামে এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।...

জামালপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ, মারধরের শিকার নবনিযুক্ত এএসপি

জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উদ্দেশ করে কটূক্তি করার প্রতিবাদ জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন হাদিদ হাসান হিমেল নামে নবনিযুক্ত এক সহকারী পুলিশ সুপার (এএসপি)। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্টেশনে ট্রেন থেকে নামার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামে এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ। হামলায় হিমেলের ডান হাতের কনিষ্ঠ আঙুলের কবজির অংশ ভেঙে গেছে বলে তিনি জানিয়েছেন।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাদিদ হাসান হিমেল তাঁর স্ত্রী, সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে দেওয়ানগঞ্জ বাজার থেকে জামালপুর রেলওয়ে স্টেশনে আসেন। ট্রেন থেকে নামার সময় কয়েকজন তরুণ তাঁর স্ত্রীকে উদ্দেশ করে কটূক্তি করেন। এ সময় তিনি প্রতিবাদ জানালে আটক আমানুল্লাহ আকাশসহ ৪ থেকে ৫ জন তরুণ তাঁর ওপর চড়াও হন এবং মারধর করেন।

ঘটনার পর রেলওয়ে পুলিশ আমানুল্লাহ আকাশকে আটক করে। তাঁর বাড়ি জামালপুর শহরের বন্দেরবাড়ি এলাকায়। অন্যদিকে, আহত হাদিদ হাসান হিমেলকে চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনা সম্পর্কে হাদিদ হাসান হিমেল বলেন, ‘বউ-বাচ্চাসহ শ্বশুর-শাশুড়িকে নিয়ে দেওয়ানগঞ্জ থেকে এসে জামালপুর স্টেশনে নামার সময় আমার স্ত্রীকে উদ্দেশ করে বাজে কথা বললে আমি প্রতিবাদ করি। তখন তারা আমাকে মারধর করে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে। অন্য দুজনের নাম-পরিচয় এখনো জানি না।’

আঘাতের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমার ডান হাতের কনিষ্ঠ আঙুলের কবজির অংশে ভেঙে গেছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আকাশ নামে একজনকে আটক করা হয়েছে। আহত হিমেল চিকিৎসা শেষে থানায় ফিরে লিখিত অভিযোগ জমা দিলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাদিদ হাসান হিমেল বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ৪৩তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। আগামী ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর যোগদানের কথা রয়েছে। এর মধ্যেই জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার ঘটনাটি সামনে এল।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০