তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
তিনি বলেছেন, তরুণদের এসব সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ধর্মচর্চা, পড়ালেখা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
বুধবার (৪ নভেম্বর) রাতে নগরের পাহাড়তলী বাজার এলাকার জিয়া স্মৃতি পাঠাগার ক্লাব মাঠে ‘মরহুম জালাল উদ্দীন সোহেল স্মৃতি উন্মুক্ত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে খেলার মাঠ নির্মাণসহ ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। তরুণদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে, যাতে তাঁরা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন।
মরহুম জালাল উদ্দীন সোহেলের স্মৃতিচারণ করে তিনি বলেন, সোহেল ছিলেন একজন অসাধারণ ও ত্যাগী ছাত্রদল নেতা। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন সাঈদ আল নোমান। একই সঙ্গে তাঁর স্মৃতি ধরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তরুণদের সঠিক দিকনির্দেশনা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিচর্চার মাধ্যমে উন্নত, সমৃদ্ধ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খাজা আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু, সদস্যসচিব ফখরুল হাসান রাজু, মরহুম জালাল উদ্দীন সোহেলের বড় ভাই জামাল উদ্দিন বাবু ও জুয়েল মির্জা প্রমুখ।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।