স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী পথে না গিয়ে বিএনপিকে ঘোষিত ৩১ দফার কর্মসূচির পথেই থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগর জামায়াতের দেওয়ানবাজার কার্যালয়ের বিআইএ মিলনায়তনে বিশেষ রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মুহাম্মদ শাহজাহান বলেন, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে দেশ পরিচালনার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও ঘোষিত কর্মসূচির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে জামায়াতের রুকনদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের মানোন্নয়নে নিয়মিত কোরআন-হাদিস অধ্যয়ন, ইসলামী জ্ঞান অর্জন, ব্যক্তিগত আমল-আখলাকের উন্নয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে।
আদর্শিক দৃঢ়তা, নৈতিক চরিত্র, ধৈর্য, প্রজ্ঞা ও মানুষের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে একজন রুকনকে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটানোর পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে। যোগ্য, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই সংগঠনের লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নির্বাচনের লক্ষ্যে পূর্বনির্ধারিত তারিখে ভোট দিতে না পারা বিভিন্ন থানা ও ওয়ার্ডের রুকনদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।
এ সময় নগর শূরা সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজনাউ/এসএইচআর/পিপিএন/২০২৬









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।