আসন্ন দুর্গাপূজায় ঘরমুখী মানুষের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত কোচ সংযোজন, ট্র্যাক ও সেতুর নিরাপত্তা জোরদার এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এসব তথ্য জানান।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের চাপ সামলাতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে ঢাকা স্পেশাল-৩। একই দিন থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও ২ চলাচল করবে। এই দুই বিশেষ ট্রেন ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে।
এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চালানো হবে চট্টগ্রাম স্পেশাল-৪।
অতিরিক্ত যাত্রী পরিবহনের সুবিধার্থে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ-ডেও বাতিল থাকবে।
গত রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পূজার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ে জানিয়েছে, অতিরিক্ত যাত্রীর চাহিদা পূরণে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী ট্রেন পরিচালনার জন্য অতিরিক্ত ইঞ্জিনের সরবরাহও নিশ্চিত করা হবে।
ট্রেনের সময়সূচি ঠিক রাখা ও বিলম্ব কমাতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালনা করা হবে। একই সাথে ট্র্যাক ও সেতুর নিরাপত্তায় বিশেষ পেট্রোলিং, সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ জোরদার করা হবে।
কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য রিলিফ ট্রেনও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
যাত্রীদের নিরাপত্তায় ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ছাড়া ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা ঠেকাতে আরএনবি, জিআরপি এবং রেলওয়ের কর্মীদের নজরদারিও বাড়ানো হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজনাউ/এসএইচআর/পিপিএন/২০২৬









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।